সালথায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ১৪:৩৫
 
ফরিদপুরের সালথায় এলাকার প্রভাব বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
এতে নারীসহ উভয় গ্রুপের অন্তত ৩০ ব্যক্তি আহত হয়েছেন। পুলিশের গুলিতে বাতিন মাতুব্বর (৩০) নামে একজন আহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষে এক গ্রুপের চারটি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়।
 
স্থানীয়রা জানিয়েছেন, এলাকার প্রভাব বিস্তার নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সাথে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও নব্য আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় ইউসুফদিয়া বাজারে ওয়াহিদের সমর্থক মাহাবুলের সাথে দেলোয়ারের সমর্থক কামরানের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায় উভয় গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 

সালথা থানার সেকেন্ড অফিসার এস আই মো. ওহিদুজ্জামান বলেন, ‘সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় ইয়াদ আলী (৪০) ও মিলন (৩৫) নামে দুইজনকে আটক করা হয়। তবে পুলিশের গুলিতে আহতর বিষয়টি আমার জানা নেই।