বেসিস ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫’ আয়োজনে সহায়তা করবে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। সোমবার আইসিটি বিভাগ ও বেসিসের মধ্যে এই বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশীদ ও বেসিস মহাসচিব উত্তম কুমার পাল নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিস সভাপতি শামীম আহসান, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, বেসিস সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ, বিসিসি নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কার্যক্রম ত্বরান্বিত হবে। এই আয়োজনে সহযোগিতায় থাকার জন্য আমরা আনন্দিত।’
