সাংবাদিক হত্যার ঘটনায় মেক্সিকোতে তীব্র ক্ষোভ

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ১৬:২৯

ফটোসাংবাদিক রুবেন এসপিনোসা ও আরো চার নারীর হত্যাকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মেক্সিকো সিটির মেয়র মিগুয়েল অ্যাঞ্জেল মানকেরাসহ ওই সাংবাদিকের বন্ধু-বান্ধব ও সহকর্মীরা। খবর বিবিসির।

গত শুক্রবার এসপিনোসার ফ্ল্যাটে তাদের মৃতদেহ পাওয়া গিয়েছিল। তাদের সকলের মাথায় বুলেটের আঘাত ছিল।

৩১ বছর বয়সী এসপিনোসা অনুসন্ধানী ম্যাগাজিন প্রকেসোর হয়ে কাজ করতেন। সম্প্রতি তিনি মেক্সিকো সিটিতে এসেছিলেন পূর্বাঞ্চলীয় প্রদেশ ভেরাক্রুজ থেকে যেখানে তাকে হুমকি দেয়া এবং নাজেহাল করা হয়েছিল বলে তিনি জানিয়েছিলেন। এই ফটোসাংবাদিক ভেরাক্রুজে জালাপা নগরীতে সামাজিক আন্দোলনগুলোর প্রতিবেদন তৈরি করতেন।

মানবাধিকার সংগঠন আর্টিকেল নাইনটিন বলেছে, ভেরাক্রুজ সাংবাদিকদের জন্য মেক্সিকান রাজ্যগুলোর মধ্যে অন্যতম বিপজ্জনক। ২০০০ সাল থেকে সেখানে ১৭ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।

এসপিনোসার মৃত্যু নিয়ে মেক্সিকো সিটির মেয়র মানকেরা গত সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, এই বিষয়টিতে কোনো ছাড় দেয়া হবেনা। তদন্তের কোনো পদ্ধতি বাদ দেয়া হবে না।

প্রকেসোর সম্পাদক রাফায়েল রড্রিগুয়েজ ক্যাস্তানেদা বলেন, খুনের এই নৃশংসতা এটা বোঝায় যে, এটা কোনো সাধারণ দস্যুতার ঘটনা না।