জঙ্গি-বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছে চীন

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ১৬:৫৪
 
চীনের জিনজিয়াং অঞ্চলের মুসলিম জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে চীন। তারা বলছে, এই জঙ্গিরা যুক্তরাষ্ট্রের জন্যও হুমকি।
 
স্থানীয় সময় মঙ্গলবার চীনা উপপররাষ্ট্রমন্ত্রী চেং গুয়োপিং ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসবিরোধী ব্যুরোর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ টিনা কাইদানাউ এর মধ্যে বৈঠকের পর এ সহায়তা চাওয়া হয়।
 
বৈঠকে উভয়পক্ষ সাইবার সন্ত্রাস ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াই এবং সন্ত্রাসবিরোধী গোয়েন্দা কার্যক্রম শক্তিশালী করার বিষয়ে একমত হয়।
 
এই বৈঠকের পর এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সন্ত্রাসের হুমকি দিনে দিনে আরো জটিল ও তীব্র হয়ে উঠছে।’
 
বিবৃতিতে আরো বলা হয়, ‘চীন, যুক্তরাষ্ট্র এবং বিশ্ব সমপ্রদায়ের প্রতি ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট (ইটিআইএম) এবং পূর্ব তুর্কিস্তানের অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলোর গুরুতর হুমকির বিষয়টি চীন তুলে ধরছে। পাশাপাশি পূর্ব তুর্কিস্তানের সন্ত্রাসী বাহিনীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের উদ্যোগে যুক্তরাষ্ট্রের জোর সমর্থন ও  চীনের সঙ্গে সহযোগিতার অনুরোধ করছে।’