ঢাবির জাল সনদসহ আটক ২

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ১৭:৪৩


রাজধানীর নীলক্ষেতের বাকুশাহ মার্কেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল পৌনে ৩টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে মো. আসগর ভূইয়া নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মায়ের দোয়া উদয়ন প্রিন্টার্স নামে একটি দোকানের মালিক। তাৎক্ষণিকভাবে অন্যজনের পরিচয় জানা যায়নি।

নিউ মার্কেট থানার ওসি মাহবুবুর রহমান জানান, আটককৃতরা কম্পিউটার ও প্রিন্টার ব্যবহার করে এসব জাল সার্টিফিকেট তৈরি করে বিভিন্ন চাকুরি প্রার্থীদের কাছে পাঁচ থেকে দশ হাজার টাকায় বিক্রি করত। দোকানটা দ্রুতই সিলগালা করা হবে।

তিনি আরো জানান, এই চক্রের সঙ্গে ঐ মার্কেটের আরো অনেকেই জড়িত থাকতে পারে। কাজেই আরো অভিযান চালানো হবে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী উপস্থিত ছিলেন।