বৃহস্পতিবার থেকে সোনার দাম কমছে

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ২২:৩৭
স্বর্ণের দাম ভরি প্রতি ১ হাজার ২২৫ টাকা কমেছে। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে দুই সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে এই দরপতন ঘটল। নতুন মূল্য বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে কার্যকর হবে বলে বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 
 
 
আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ২২ জুলাই স্বর্ণের দাম কমেছিল। এর আগে ৯ মার্চও কমানোও হয়েছিল দাম।
 
নতুন মূল্য অনুযায়ী বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪১ হাজার ৭৫৭ টাকায়। গত ২২ জুলাই নির্ধারিত দাম অনুযায়ী বর্তমানে এ মানের স্বর্ণের বিক্রিমূল্য ৪২ হাজার ৯৮২ টাকায়। প্রতি ভরিতে দাম কমেছে এক হাজার ২২৫ টাকা।
 
নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪০ হাজার ৮৮২ টাকার বদলে ৩৯ হাজার ৬৫৮ টাকায় বিক্রি হবে। এক্ষেত্রে প্রতি ভরিতে দাম কমেছে এক হাজার ২২৪ টাকা।
 
১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এখন বিক্রি হবে ৩৩ হাজার ৯ টাকায়। এখন এ মানের স্বর্ণের দাম ৩৪ হাজার ২৩৪ টাকা। এক্ষেত্রে কমেছে এক হাজার ২২৫ টাকা।
 
আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ ২২ হাজার ৮৬১ টাকার বদলে এখন তা ২১ হাজার ৮৭০ টাকায় বিক্রি হবে। ভরিতে দাম কমেছে ৯৯১ টাকা।
 
স্বর্ণের পাশাপাশি বৃহস্পতিবার থেকে রুপার দামও কমবে। এখন প্রতি ভরি রুপার দাম ৯৯১ টাকা। প্রতি ভরিতে ৫৮ টাকা কমে তা বিক্রি হবে ৯৩৩ টাকায়।