‘বঙ্গবন্ধুর আদর্শ হারালে পরাজয় হবে আওয়ামী লীগের’

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ১৯:৫৪
 
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জমান নূর বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হলে আওয়ামী লীগের পরাজয় হবে।’
 
বুধবার দুপুরে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘এই চোখের (বঙ্গবন্ধু) দিকে তাকালে কোনো কর্মীর পক্ষে অপরাধ করা সম্ভব নয়। এই বিশ্বাস আমাদের ধারণ করতে হবে। এ বিশ্বাস থেকে যদি আমরা বিচ্যুত হই, চোখ সরিয়ে নেই ওই (বঙ্গবন্ধু) চোখ থেকে, তাহলে আমাদের পরাজয় অবশ্যম্ভাবী।’
 
বঙ্গবন্ধুর বড় ছেলে মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৬৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী যুবলীগ।
 
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন—যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, দপ্তর সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।