আজ ২২ শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এ উপলক্ষে দেশের সব চ্যানেলগুলোর আয়োজনে থাকছে রবীন্দ্র সংশ্লিষ্ট অনুষ্ঠান ও নাটক।
এটিএন বাংলায় আজ রাত ৯টায় প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ অবলম্বনে কাহিনিচিত্র ‘প্রণয়িনী’। নৃত্যনাট্যটির সংলাপ লিখেছেন উর্মি মোস্তফা। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। নৃত্যনাট্যটিতে অভিনয় করেছেন অভিনেত্রী তারিন। নৃত্যনাট্যটি প্রসঙ্গে তারিন বলেন, ‘আমাদের বাঙালির সাথে মিশে আছেন রবি ঠাকুর। তার সৃষ্টির বড় একটা অংশ নাটক। রবীন্দ্র নাটকে অভিনয় করাটা চ্যালেঞ্জের একটি বিষয়। ঠিকঠাক চরিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা থাকে সর্বোচ্চ। আমিও চেষ্টা করেছি একজন রবীন্দ্র চরিত্র হিসেবেই নাটকটিতে নিজেকে উপস্থাপন করতে।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন রওনক হাসান, মনোজ কুমার প্রামাণিক, খলিলুর রহমান কাদেরী, বাকার বকুল, বাপ্পি সাইফ প্রমুখ।
নাটকটির গল্পে দেখা যাবে জমিদার যতীন পালার অভিনেত্রী, সুন্দরী পদ্মার রূপে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে। কিন্তু এক সময় সে অনুভব করে বাহ্যিক সৌন্দর্য নয়, মানসিক সৌন্দর্যের প্রতি তার আসক্তি। সেই মানসিক সৌন্দর্যের প্রকাশ সে দেখতে পায় দামিনীর মাঝে।
