এটিএন বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আজ দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘নিরুপমা’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প দেনা-পাওনা অবলম্বনে টেলিফিল্মটির নাট্যরূপ দিয়েছেন মিরন মহিউদ্দিন এবং পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, বিন্দু, সাঈদ বাবু, কে.এস. ফিরোজ, তুষার খান, আশরাফ কবির, আব্দুল হান্নান শেলী, আবু সাঈদ খান, শিরিন বকুল, সিরাজ হায়দার, নিশু রহমান, সোহেল রানা বাবু, উদয় খান, নিশো, সূবর্ণা, মিহিক, লিমা প্রমুখ।ৎ
কন্যাদায় বলে কথা। অর্থ-বিত্তহীন রামসুন্দর তার একমাত্র কন্যা নিরুপমাকে মোটা অঙ্কের পণের বিনিময়ে বিয়ে দিতে সম্মত হয়। পণের টাকা জোগাড়ের জন্য সুদের কারবারীর শরণাপন্ন হতে হয় তাকে। তবু টাকা জোগাড় মুহূর্তে সম্ভব না হওয়ায় বিয়ের আসর থেকে রায় বাহাদুর ছেলেকে নিয়ে চলে যেতে চায়। কিন্তু ছেলে শোভন, সদ্য ম্যাজিস্ট্রেটের চাকরি পেয়েছে, তার আত্ম-সম্মানে বাঁধে। সে বাবাকে বলে, বিয়ে না করে যাবে না। পণের টাকা, সোনা-দানায় খাদ থাকলেও মেয়ের তো কোনো দোষ নেই। যথারীতি বিয়ে হয়ে যায়। শোভন বিয়ের পর চাকরিতে যোগ দিতে চলে যায়। এদিকে রায় বাহাদুর পরিবার নিরুপমাকে বাপের বাড়ি যেতে দেয় না।
