জাতির কাছে সরকারের ক্ষমা চাওয়া উচিত: এরশাদ

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১৪:৫৩
 
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জাতির কাছে সরকারের ক্ষমা চাওয়া উচিত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ মা নাজমা বেগম ও শিশু সুরাইয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। 
 
এইচ এম এরশাদ বলেন, মায়ের পেটে শিশু হত্যা চেষ্টায় যারা দায়ী তাদের বিচার হওয়া উচিত। তাদের বিচার হবে কিনা জানি না। তবে সরকারের উচিত এই ঘটনার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া।
 
তিনি বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা জানেন তাদের বিচার হবে না।
 
এরশাদ আরো বলেন, যারা অভিনব পন্থায় এখন শিশুদের ওপর বর্বর নির্যাতন চালাচ্ছে তাদের কঠোর শাস্তি দিন, যাতে এমন নিষ্ঠুর ঘটনা আর কেউ ঘটাতে না পারে।