তরিকুল ইসলামের জামিন বহাল

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১৫:১৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে নিম্ন আদালত। 
 
তরিকুল ইসলাম বৃহস্পতিবার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরা দিলে এ জামিন বহাল রাখা হয়। তার বিরুদ্ধে যশোরের আদালতে নাশকতার ৪টি মামলা রয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানায় এসব মামলা হয়। 
 
৫ জানুয়ারি নির্বাচনের পর বিরোধীদলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচির সময় যশোরে গাড়িতে আগুন দেয়ার ঘটনায় পুলিশ কোতোয়ালি থানায় মামলাগুলো করে।
 
সূত্র জানায়, তরিকুল ইসলাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত মাসে আদালতে জামিন প্রার্থনা করলে হাইকোর্টের একটি বেঞ্চ তা মঞ্জুর করে। একইসাথে আদালত চার সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে হাজিরের আদেশ দেয়। গত ২ আগস্ট তিনি যশোরে আসেন এবং বৃহস্পতিবার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিমের আদালতে হাজির হন। নিম্ন আদালতের বিচারক হাইকোর্টের দেয়া তরিকুল ইসলামের জামিন বহাল রাখেন বলে জানান যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।