ইউনিসের প্রতিষ্ঠায় দ্রাবিড়ের ভূমিকা

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১৫:৪২
 
 
শীর্ষ সারির টেস্ট ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পিছনে ভারতীয় সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের বড় ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান ইউনিস খান। তিনি বলেছেন, ‘পাকিস্তান দলে তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে তার স্থান শক্তিশালী করার পিছনে দ্রাবিড় মূখ্য ভূমিকা পালন করেছেন।’
 
অতীতে দ্রাবিড়ের কাছ থেকে কি ধরনের সহযোগিতা পেয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ইউনিস বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকে দ্রাবিড়ের কাছ থেকে আমি যে ধরনের টিপস ও পরামর্শ পেয়েছি সেটাই আমাকে শীর্ষ ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সহজেই আমি পাকিস্তান দলের তিন নম্বর স্থানটা দখল করতে পেরেছি। সফরের সময় এবং পরে দ্রাবিড়ের ব্যাটিং কৌশল নিয়ে প্রায়ই তার সাথে আলোচনা হয়েছে। তখনই দ্রাবিড় আমাকে ভাল ভাল পরামর্শ দিয়ে ব্যাটিং কৌশল উন্নতি করতে সহযোগিতা করেছেন। দ্রাবিড় একজন শীর্ষ সারির পেশাদার ব্যাটসম্যান ছিলেন। আধুনিক যুগে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে তার নাম স্মরণীয় হয়ে থাকবে। আমি তার কাছ থেকে অনেক কিছুই শিখেছি।’
 
স্পষ্টবাদী এই সিনিয়র পাকিস্তানি ব্যাটসম্যান প্রথমবারের মতো স্বীকার করেছেন, ২০০৯ সালে অধিনায়কের পদ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত ক্যারিয়ারের দারুণ একটি ভুল সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, ঐ সময় আমাকে যখন অধিনায়কের পদ দেয়া হয় তখন আমি তত্কালীন পিসিবি চেয়ারম্যান ইজাজ বাটকে বলেছিলাম পারফর্ম করতে না পারলে আমি এই পদে থাকবো না। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০৯ সালের শেষের দিকে আবু ধাবীতে সিরিজ চলাকালীন আমি পদত্যাগ করি। কারণ আমি বুঝতে পেরেছিলাম দলকে সংঘবদ্ধ করতে আমি ব্যর্থ হয়েছি।

খবর বাসসের।