নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘পথচারী সচেতন থাকলে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব। শেখ হাসিনার সরকারের সময়ে আগামী ৩ বছরে সড়ক পথে দৃশ্যমান উন্নয়ন হবে এবং দুর্ঘটনা হ্রাস পাবে।’
বৃহস্পতিবার বুয়েটে এক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউট (এআরআই) আয়োজিত ‘প্রমোটিং রোড সেফটি ফর চিলড্রেন’ শীর্ষক দু’দিনব্যাপী ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনারোধে শিশুদের সচেতন করে তোলার লক্ষ্যে ট্রাফিক রুল সম্পর্কে প্রাথমিক স্তরে পাঠ্যপুস্তকে বিষয়টি অন্তর্ভুক্তের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দাবি ছিল। বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেয়ায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা একরামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান এবং এ আর আই-এর সহকারি অধ্যাপক আরমানা সাবিহা হক।
