ধ্বংসাবশেষ নিয়ে এখনো একমত নয় মালয়েশিয়া ও ফ্রান্স

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১৭:৫০
 
এক সপ্তাহ আগে ভারত মহাসাগরে ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ মালয়েশিয়ার নিখোঁজ এমএইচ৩৭০ বিমানেরই অংশ বলে দাবি করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তবে ফরাসী তদন্তকারীরা এখনো বিষয়টি নিশ্চিত করেননি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসী তদন্তকারীরা এ বিষয়ে এখনো নিশ্চিত নন। তারা বলছেন, এটা হওয়ার ‘সম্ভাবনাই বেশি’।
 
বৃহস্পতিবার ফরাসী তদন্তকারীদের বরাত দিয়ে রাজাক বলেন, উদ্ধারকৃত ধ্বংসাবশেষ নিখোঁজ এমএইচ-৩৭০ বিমানেরই অংশ বলে ‘নিশ্চিত’ করেছেন ফরাসী কর্তৃপক্ষ। দুপক্ষের এমন পাল্টাপাল্টি বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নিখোঁজ বিমানযাত্রীদের স্বজনেরা। তারা চীনে মালয়েশিয়ান এয়ারলাইন্সের দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। তাদের দাবি, কুয়ালালামপুর থেকে বেইজিংগামী বোয়িং ৭৭৭ বিমানটিতে থাকা যাত্রীদের ভাগ্যে কী ঘটেছিল তা নিশ্চিতভাবে জানানো হোক।
 
গত বছর মার্চের ৮তারিখ ২৩৯ আরোহীসহ মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটি লাপাত্তা হয়ে যায়। অনুমান করা হয়, ভারত মহাসাগরের দক্ষিণাংশে বিমানটি আছড়ে পড়েছিল। যদিও দীর্ঘদিন ধরে ব্যাপক অভিযানে এখনো সেরকম কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
 
গত সপ্তাহে ভারত মহাসাগরের প্রত্যন্ত ফরাসী দ্বীপে বিমানের ডানার একটি অংশ পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রাপ্ত ধ্বংসাবশেষ ফ্রান্সের তুলুসে পাঠানো হয়েছে। সূত্র: বিবিসি