স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘পদোন্নতিপ্রাপ্ত চিকিত্সকরা যথাসময়ে কর্মস্থলে যোগদান না করলে, তাদের পদোন্নতি বাতিলের পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাপসাতালে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং মেনিনজাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে স্বাস্থ্য সনদ সংগ্রহ কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৩৪৬ জন চিকিত্সককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে। তাদের মধ্যে ২১৪ জনকে ঢাকার বাইরে বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে পদায়ন করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিত্সকদের কর্মস্থলে অনুপস্থিতি বরদাশত করা হবে না। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তাত্ক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।’
এ সময়ে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিচালক হাসপাতাল ডা. সামিউল হক সাদি প্রমুখ উপস্থিত ছিলেন।
