জাপানে বৃহস্পতিবার ৭০তম হিরোশিমা দিবস পালন করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে দিকে ১৯৪৫ সালের এ দিনে পৃথিবীর ইতিহাসে প্রথম আণবিক বোমা ফেলা হয় হিরোশিমা নগরীতে। এর তিনদিন পর নাগাসাকিতে দ্বিতীয়বার পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। আজ সেই ভয়াল দিনকে স্মরণ করছে জাপানের জনগণ।
এ দিবস উপলক্ষে হিরোশিমায় সমবেত হন হাজারো মানুষ। এদের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেসহ বিদেশি অতিথিবর্গও ছিলেন।
হিরোশিমার মেয়র কাজুমি মাত্সুই এ দিবস উপলক্ষে দেয়া ভাষণে পরমাণু অস্ত্রকে ‘পুরোপুরি শয়তানি’ বলে অভিহিত করেন। তিনি বলেন, মানুষের সহাবস্থানের জন্য পুরোমাত্রায় শয়তানি ও অমানবিক পরমাণু অস্ত্রকে নির্মূল করতে হবে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বৃহস্পতিবার হিরোশিমা স্মৃতি পার্কে উপস্থিত হয়ে সেদিনের নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। কয়েক শহরের মোতোইয়াসু নদীতে হাজার বাতি ভাসানো হয়।
প্রধানমন্ত্রী শিনজো আবে হিরোশিমা দিবসের বক্তব্যে পরমাণু অস্ত্রমুক্ত পৃথিবী গড়ার ডাক দেন। তিনি বলেন, পরমাণু বোমা জাপানের মানুষদের হত্যাই করেনি। যারা বেঁচে ছিল তাদেরকে অমানুষিক কষ্ট ভোগ করতে হয়েছে।
হিরোশিমা ও নাগাসাকিতে বোমা হামলার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শেষ হয়। লিটল বয় নামের বোমাটি ফেলার নির্দেশ দিয়েছিলেন তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুুম্যান। মার্কিন বোমারু বিমান বি-২৯ থেকে বোমাটি ফেলেছিলেন অ্যানোলা গে।
খবর বাসসের।
