আফগানিস্তানে সেনা অভিযানে ৮৮ তালেবান নিহত

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১৮:৫২

 

আফগানিস্তানে সেনা অভিযানে অন্তত ৮৮ জন তালেবান সদস্য নিহত হয়েছেন। বুধবার রাতে শুরু হয়ে ২৪ ঘণ্টার অভিযানে দেশটির বিভিন্ন প্রদেশে ওই তালেবান সদস্যরা নিহত হন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে চীনের বার্তা সংস্থা সিনহুয়া এই খবর জানিয়েছে।

 
সিনহুয়া জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটির নাঙ্গারহার, লাঘমান, পারওয়ান, তাকহার, কুন্দুজ, ফারিয়াব, সার-ই-পল, বালখ, জাবুল, অরুজগান, মাইদান ওয়ারদাক, গজনী, খোস্ট, পাকটিয়া ও হেলমান্দ প্রদেশে অভিযান চালালে ওই তলেবান সদস্যরা নিহত হন। অভিযানে নিরাপত্তাবাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছে কিনা, তা উল্লেখ করা হয়নি বিবৃতিটিতে। তাছাড়া তালেবানের পক্ষ থেকে বিবৃতির ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।
 
এদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানে বিভিন্ন সহিংসতায় এক হাজার ৫৯২ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার জাতিসংঘের অর্ধবার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ‘প্রটেকশন অব সিভিলিয়ানস ইন আর্মড কনফ্লিক্ট ইন আফগানিস্তান ফর ২০১৫’ শীর্ষক ওই প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আফগানিস্তানে জাতিসংঘ মিশনের মানবাধিকার ইউনিট ইউনাইটেড নেশনস অ্যাসিস্টেন্স মিশন ইন আফগানিস্তান (ইউএনএএমএ) প্রতিবেদনটি তৈরি করেছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশটিতে চার হাজার ৯২১ জন লোক হতাহত হয়েছেন। এর মধ্যে এক হাজার ৫৯২ জন নিহত এবং তিন হাজার ৩২৯ জন আহত হয়েছেন। তালেবান ও অন্যান্য সরকারবিরোধী গ্রুপগুলোর কারণেই বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে বেসামরিক লোক নিহতের হার ৬ শতাংশ কমেছে এবং হতাহতের হার ৪ শতাংশ বেড়েছে।
 
প্রসঙ্গত, জাতিসংঘ ২০০৯ সালে আফগানিস্তানে কার্যক্রম শুরু করে। সংস্থাটির মতে, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দেশটিতে ১৯ হাজার ৩৬০ জন নিহত এবং ৩৩ হাজার লোক আহত হয়েছেন।