‘মুন্সিগঞ্জে ৩ বছরের মধ্যে তৈরি পোশাক শিল্প পার্কের কাজ সম্পন্ন হবে’

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১৯:০৩
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, মুন্সিগঞ্জে দেশের বৃহত্তম তৈরি পোশাক (আরএমজি) শিল্প পার্ক স্থাপন করা হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে এর কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়াও আগামীতে একই ধরনের শিল্প পার্ক চট্টগ্রামেও স্থাপন করা হবে।
 
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লুর মিলনায়তনে তিন দিনব্যাপী ‘বাসেক্সপো-২০১৫’ উদ্বোধনকালে মন্ত্রী এ ঘোষণা দেন।
 
মন্ত্রী জানান, মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় ২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ব্যায়ে একটি তৈরি পোশাক শিল্প পার্ক স্থাপনের জন্য বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) এবং চীনের ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানির ইতিমধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রকল্প আগামী তিন বছরের মধ্যে সম্পন্ন করা হবে বলে আশা করা হচ্ছে। অনুরূপ শিল্প পার্ক চট্টগ্রাম জেলার মিরসরাই এবং আনোয়ারা উপজেলায় স্থাপন করা হবে।’