হাতিরপুলে গাড়ির ধাক্কায় হোটেল কর্মচারীর মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১৯:৫১
 
রাজধানীর হাতিরপুলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক চিকিত্সকের গাড়ির ধাক্কায় এক হোটেল কর্মচারী গেছেন। মৃতের নাম আতাউর রহমান (৩৫)। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
শাহবাগ থানার ওসি আবু বরক সিদ্দিক জানান—ঢামেকের ওই চিকিত্সক নিজেই ব্যক্তিগত গাড়িটি চালাচ্ছিলেন। তার পরিবারের সদস্যরাও সেই গাড়িতে ছিলেন। বুধবার দুপুর দেড়টার দিকে হঠাত্ তাদের গাড়িটি রাস্তার আইল্যান্ডের ওপর উঠে যায়। এতে হোটেল কর্মচারী আতাউর রহমান গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
 
ওসি জানান, ‘আতাউর রহমান হাতিরপুলে কাঁচাবাজার সংলগ্ন তারামিয়া হোটেলের রুটির কারিগর। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের  জন্য ঢামেক কলেজ মর্গে রাখা হয়েছে।’
 
পুলিশ জানিয়েছে—ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওই চিকিত্সক ফরেনসিক বিভাগের। তার নাম ডা. এ কে এম শফিউজ্জামান। চিকিত্সকের বিরুদ্ধে মামলা হতে পারে।