৬০ রানে অলআউট অস্ট্রেলিয়ার অষ্টম সর্বনিম্ন স্কোর

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ২২:৩৯
 
স্টুয়ার্ট ব্রডের বোলিং তাণ্ডবে ট্রেন্টব্রিজে চতুর্থ অ্যাশেজ টেস্টের প্রথম দিনে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে করুন দৃশ্যগুলোর একটি দেখতে হল অস্ট্রেলিয়াকে। সিরিজে ফেরার লক্ষ্য নিয়ে নামা অস্ট্রেলিয়া অল আউট হয়ে গেল মাত্র ৬০ রানে!
 
শত বছরের পুরনো টেস্ট ইতিহাসে ম্যাচের প্রথম ইনিংসে এত দ্রুত অলআউট হয়নি আর কেউ! ব্রড গড়েছেন সবচেয়ে কম বলে পাঁচ উইকেট নেয়ার অনন্য নজির। শেষ পর্যন্ত ১৫ রানে আট উইকেট নিয়ে ব্যক্তিগত সেরা বোলিংয়ের নজির গড়ে ইনিংস শেষ করেছেন। নিজেদের টেস্ট ইতিহাসে অসিদের এটিই অষ্টম সর্বনিম্ন স্কোর।
 
ম্যাচ শুরুর আগে আলোচনা ছিল অনেকটাই মাইকেল ক্লার্ককে ঘিরে। এটাই অস্ট্রেলীয় অধিনায়কের ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে যায় কিনা ছিল সেই শঙ্কা। তবে অন্য সবাইকে পিছনে ঠেলে দ্রুতই পাদ প্রদীপের আলোয় চলে আসেন ব্রড। ম্যাচের বয়স যখন মাত্র ছয় ওভার এক বল, ব্রডের ঝুলিতে ততক্ষণে জমেছে পাঁচটি উইকেট।
 
সফরকারীদের টপ অর্ডার গুড়িয়ে দেয়ার পথে মাত্র ১৯ বলে পাঁচটি উইকেট তুলে নেন ব্রড। প্রথম ওভারেই নেন দুই উইকেট। ২০০২ সালের পর ম্যাচের প্রথম ওভারে কোন বোলারের দুই বা ততোধিক উইকেট নেয়ার মাত্র তৃতীয় নজির এটি।
 
ব্রডের তাণ্ডবে মাত্র ২৫ বলের মধ্যে অস্ট্রেলিয়া তাদের পঞ্চম উইকেটটি হারায়। ২০০২ সালের পর এত দ্রুত প্রথম পাঁচ উইকেট হারানোর আর কোন নজির নেই। শেষ পর্যন্ত ৬০ রানে প্রথম ইনিংসে অল আউট হয় অস্ট্রেলিয়া। টেস্ট ইতিহাসে এটা তাদের সপ্তম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আর গত ৭৯ বছরে দ্বিতীয় সর্বনিম্ন। এই প্রায় আট দশকে তারা একবারই মাত্র এরচেয়ে কম রানে অলআউট হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউনে ২০১১ সালে তারা গুটিয়ে যায় মাত্র ৪৭ রানে।
 
টেস্ট ইতিহাসে এ নিয়ে মাত্র ১৪ বার অতিরিক্ত রানই ছিল ইনিংসের সর্বোচ্চ। বলা বাহুল্য, সর্বশেষ নজিরটি ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার। ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১৩ রান করেন বোলার মিচেল জনসন।  নিজেদের সর্বনিম্ন রানে অলআউটের ক্ষেত্রে প্রথম দশটির মধ্যে নয়টিতেই ইংল্যান্ডের কাছেই গুটিয়েছে অস্ট্রেলিয়া।
 
টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড (শীর্ষ ১০) :
রান ওভার   প্রতিপক্ষ  ভেন্যু তারিখ
৩৬ ২৩.০   ইংল্যান্ড  বার্মিংহাম ২৯ মে ১৯০২
৪২ ৩৭.৩   ইংল্যান্ড  সিডনি   ১০ ফেব্রুয়ারি ১৮৮৮
৪৪ ২৬.০   ইংল্যান্ড  দ্য ওভাল ১০ আগষ্ট ১৮৯৬
৪৭ ১৮.০   দক্ষিণ আফ্রিকা কেপটাউন ৯ নভেম্বর ২০১১
৫৩ ২২.৩   ইংল্যান্ড  লর্ডস ২২ জানুয়ারি ১৮৯৬
৫৮ ১২.৩   ইংল্যান্ড  ব্রিসবেন  ৪ ডিসেম্বর ১৯৩৬
৬০ ২৯.২   ইংল্যান্ড  লর্ডস ১৬ জুলাই ১৮৮৮
৬০ ১৮.৩   ইংল্যান্ড  নটিংহ্যাম ৬ আগস্ট ২০১৫
৬৩ ৮০.০   ইংল্যান্ড  দ্য ওভাল ২৮ আগস্ট ১৮৮২

৬৫ ২২.৪   ইংল্যান্ড  দ্য ওভাল ১৯ আগস্ট ১৯১২