ভারত মহাসাগরে জনগণের অবৈধ যাতায়াত সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। গতকাল কুয়ালালামপুরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ হাজী আমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই মতৈক্য হয়। গতকাল বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য দুই মন্ত্রী একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন। একইসঙ্গে দুই মন্ত্রী জনগণের এই অবৈধ চলাচলের মূল কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
২২তম আশিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগদানের লক্ষ্যে দুই দিনের সফরে এখন কুয়ালালামপুর রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।
২২তম আশিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগদানের লক্ষ্যে দুই দিনের সফরে এখন কুয়ালালামপুর রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।
বাংলাদেশের অবৈধ অধিবাসীদের প্রত্যাবাসনে সাহায্য-সহায়তার জন্য মাহমুদ আলী মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। দুই পররাষ্ট্রমন্ত্রী জিটুজি ও বিটুবি উভয় প্রক্রিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগের অবস্থা নিয়েও আলোচনা করেন এবং তারা এই প্রক্রিয়া সহজ করতে আরো ইতিবাচক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া মাহমুদ আলী নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারত ও জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন। গতকালের এসব বৈঠকে বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়।
