বহুমাত্রিক শিল্পস্রষ্টা আবদুল্লাহ আল-মামুনের ৭৩তম জন্মবার্ষিকী ছিল গত ১২ জুলাই। তার হাতে গড়া নাট্যদল ‘থিয়েটার’ রমজানের সময় অনুষ্ঠান পালন না করে আজ জন্মবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করেছে। আজ বিকেল ৪টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আবদুল্লাহ আল-মামুন স্মারক বক্তৃতা করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। তার বক্তৃতার বিষয়: ‘আব্দুল্লাহ আল-মামুন ও আমাদের সময়ের নাটক’। এ অনুষ্ঠানটি সকলের জন্য উম্মুক্ত। সন্ধ্যা ৭টায় আবদুল্লাহ আল-মামুন রচিত ও নির্দেশিত থিয়েটারের ‘মেরাজ ফকিরের মা’ নাটকের ১৫৮তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এটিই থিয়েটারের সর্বাধিক অভিনীত নাটক। আবদুল্লাহ আল-মামুন রচিত ১৮টি নাটক মঞ্চস্থ করেছে থিয়েটার, আর তিনি থিয়েটারের ২৩টি নাটকের নির্দেশনা দিয়েছেন। তিনি ছিলেন একাধারে নাট্যকার, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। তার নাটক, চলচ্চিত্রে সব সময় সমসাময়িক ঘটনা প্রবাহ সৃজনশীলতার মধ্য দিয়ে উঠে এসেছে।
