গায়ে হলুদ সম্পন্ন, রোমানার বিয়ে শনিবার

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১৪:০৪

এবার আর গুজব নয়, সত্যি। আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসছেন মডেল ও অভিনেত্রী রোমানা খান। পাত্র বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ী এলিন রহমান। স্থানীয় সময় বৃহস্পতিবার দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় কুইন্সের ফ্ল্যাশিং মেডোর অভিজাত কমিউনিটি সেন্টার ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

দুই পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে বিয়ে হলেও বিয়ের আনুষ্ঠানিকতায় বাঙালী মুসলিম পারিবারিক ঐহিত্য বজায় থাকছে। বেশিরভাগ তৈজসপত্র বাংলাদেশ থেকে নেয়া হয়েছে। পাত্রীর গয়না বানানো হয়েছে ঢাকায়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি।

বছর খানেক আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রোমানা। সেখানে ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে পরিচয় হয় তার। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। গায়ে হলুদ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা টনি ডায়েস ও প্রিয়া ডায়েস, লাক্স সুন্দরী, মডেল ও অভিনেত্রী মিলা হোসেন প্রমূখ।

এলিন রহমান ও রোমানা খান তাদের সুখী দাম্পত্য জীবন কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
-