রাজধানীর উত্তর গোড়ানে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্লগার নিলয় চ্যাটার্জিকে (৪০) হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর দুইটার পর এই হত্যাকাণ্ড ঘটে।
খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, ১৬৭ উত্তর গোড়ানের একটি বাড়ির পাঁচতলায় নিলয় চ্যাটার্জি ভাড়া থাকতেন। তিনি আরডিসি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। বেলা তিনটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
IMG0
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, জুম্মার নামাজের পর চার থেকে পাঁচজন অজ্ঞাত দুর্বৃত্ত নিলয়ের ফ্ল্যাটে প্রবেশ করেছিল। তারা উপর্যুপরি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনার পর সিআইডির ক্রাইম সিনস বিভাগ ঘটনাস্থলে পৌঁছে হত্যার আলামত সংগ্রহ করছে।
এ ব্যাপারে গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, নিলয় গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি ব্লগে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতেন।
ধারণা করা হচ্ছে, ব্লগে লেখালেখির কারণে উগ্র ধর্মীয় গোষ্ঠী নিলয়কে হত্যা করতে পারে।
