ক্রিকেটের তিন বড় শক্তি ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাওয়া সাফল্যের ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভাল কিছু আশা করছেন নির্বাচকরা। সে লক্ষ্যেই এ মাসের শেষ সপ্তাহে প্রাথমিক দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক কমিটি। গতকাল বৃহস্পতিবার নির্বাচকমণ্ডলীর অন্যতম সদস্য জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন এ তথ্য জানান।
বাংলাদেশ দল টানা তিনটি সিরিজ খেলার পর বর্তমানে ছুটিতে আছে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরোয়া সিরিজ খেলার জন্য ২২ আগস্ট থেকেই ক্যাম্প শুরু হবে। নির্বাচকরা অবশ্য তার আগেই প্রাথমিক দল ঘোষণা করবেন। যদিও নির্বাচকদের মধ্যে দুজন হাবিবুল বাসার ও জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। তবে বিসিবি তাদের কাজ চালিয়ে যেতে বলায় ইতোমধ্যেই তারা অজিদের বিরুদ্ধে ছক কষতে শুরু করেছেন।
জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক নৈপুণ্যের পেছনে নির্বাচকদের ভূমিকাও কম ছিল না। তারা যে দলটাকে নির্বাচিত করেছেন, সেটাই ‘ক্লিক’ করেছে, মাঠে অসাধারণ খেলেছে। এ প্রসঙ্গে হাবিবুল বাসার সুমন বলেন, ‘গত বছরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল মাঠে অসাধারণ পারফরম্যানন্স করেছে। বিশ্বকাপেও তার ধারাবাহিকতা ছিলো। এরপর নিজেদের মাঠে প্রথমে পাকিস্তান, পরে ভারত ও সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে আমাদের ছেলেরা অসাধারণ খেলেছে। বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সে দেশের ক্রিকেট প্রিয় মানুষদের মতো আমরাও খুশি। দল ভালো করলে কার না ভালো লাগে বলেন! তেমনি আমাদের কাছেও ভালো লেগেছে। এই সময়টা আমরা দারুণ উপভোগ করেছি।’ ধারণা করা হচ্ছে দুই নির্বাচকের মেয়াদ গত জুনে শেষ হয়ে গেলেও বোর্ড এই দুজনের মেয়াদ বাড়াতে যাচ্ছেন। বিসিবির সামনের বোর্ড মিটিংয়ে দুই নির্বাচকের বিষয়টি ফয়সালা হয়ে যাবে। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘তাদের মেয়াদ শেষ হয়েছে ঠিক আছে। কিন্তু আমরা তাদেরকে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা বলেছি।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান তাদের বদলানোর এমন কোন পরিকল্পনা নেই। তারাই থাকতে পারেন। সামনের বোর্ড মিটিংয়ে তাদের দায়িত্ব বাড়ানোর ব্যাপারে কথা হবে।’
অস্ট্রেলিয়া দুটি টেস্ট খেলতে অক্টোবরে বাংলাদেশে আসবে। এই সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনা প্রসঙ্গে বাশার বলেন, ‘এখন আমরা অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ভাবছি। আগামী ২২ আগস্টের আগে আমরা একটা প্রাথমিক দল ঘোষণা করে দিবো। প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের ২২ আগস্ট থেকে প্রস্তুতি শুরু হয়ে যাবে।’ এক প্রশ্নের জবাবে জাতীয় দলের এই নির্বাচক বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আমাদের আলাদা কোন পরিকল্পনা নেই। আফ্রিকা এবং ভারতের বিপক্ষে যেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও যেন এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয় সেজন্য আমরা ভালো একটা দল নির্বাচন করবো। যাদের দিয়ে আমরা ভালো ফলের প্রত্যাশা করতে পারি।’
ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা আগেই জানিয়েছিলেন, জাতীয় দলের মতো বয়স ভিত্তিক দলগুলোর পারফরম্যান্সের কথা চিন্তা করে সেসব দলের জন্যও নির্বাচক প্যানেল দেয়ার চিন্তা করছে বিসিবি। আসন্ন বোর্ড মিটিংয়ে বয়স ভিত্তিক দলের জন্য নির্বাচক প্যালেন ঘোষণা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আগের বোর্ড মিটিংয়ে এমন একটা সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে চূড়ান্ত করা হয়নি। এই মিটিংয়ে হয়তো এটা নিয়ে আলোচনা হতে পারে। এ ব্যাপারে হাবিবুল বাশার শুধু বলেন, ‘এ ব্যাপারে ক্রিকেট বোর্ড আপনাদের ভালো বলতে পারবে।’
