গত ৩০ জুলাই ইয়াকুব মেমনের ফাঁসির মাত্র দেড় ঘণ্টা আগে বাড়ির ল্যান্ডলাইনে ফোন করেন মুস্তাক টাইগার মেমন। তিনি তার মায়ের কাছে ইয়াকুব মেমনের ফাঁসির প্রতিশোধ গ্রহণের শপথ নেন।
১৯৯৩ মুম্বাইয়ে ভয়াবহ ধারাবাহিক বোমা হামলার প্রধান পরিকল্পনাকারী এই টাইগার মেমন। ওই ঘটনার পর ২২ বছর কেটে গেলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। ভাইয়ের ফাঁসির মাত্র কয়েক ঘণ্টা আগে সেই টাইগার মেমনই ফোন করেছিলেন তার মা কে।
মুম্বাই পুলিশ এই ফোন ট্র্যাক করার পরই খবর পাঠায় কেন্দ্রীয় সংস্থাকে। মুম্বাই ও দিল্লীর নিরাপত্তা সংস্থা টাইগারের বাড়িতে ফোন করার খবরটি নিশ্চিত করেছে। কণ্ঠস্বরটি যে টাইগার মেমনেরই তা নিশ্চিত করেছে মুম্বাই পুলিশ।
এদিকে, ইয়াকুবের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেয়া বিচারপতি দীপক মিশ্রকেও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। বাড়িতে উড়ো চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দেয়া হয় তাকে।
