চুপিসারে বিয়ে সারলেন জেনিফার-জাস্টিন

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১৬:২৯
 
অবশেষে চুপিসারে বিয়ে সারলেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন ও তার প্রেমিক জাস্টিন থেরাক্স। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৫ আগস্ট (বুধবার) তাদের বেল-এয়ার নামের বাড়িতে স্বল্প পরিসরে বিয়ের আনুষ্ঠিকতা সারেন।
পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, জেনিফার ও জাস্টিনের বিয়েতে অতিথি ছিলেন ৭০ জনের বেশি। আমন্ত্রিত অতিথিরা পরিবারের সদস্য আর কাছের বন্ধুবান্ধব।
২০১১ সালে বাগদান সম্পন্ন করেন এই জুটি। এরপর থেকে তাদের বিয়ের খবর ঘুরপাক খাচ্ছিল। অবশেষে গোপনে বিয়ের কাজ সেরে ফেললেন জেনিফার-জাস্টিন। আনুষ্ঠানিকতা সেরে মধুচন্দ্রিমা করতে বোরা বোরাকে পাড়ি জমিয়েছেন তারা।
থেরক্সের ৪৪ তম জন্মদিন ১০ আগস্ট। আমন্ত্রিত অতিথিদের চমকে দেওয়ার জন্য বিয়ের খবর গোপন রাখা হয়। তাঁদের বলা হয়, থেরক্সের জন্মদিন উদ্‌যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেবল এই জুটির কাছের কয়েকজন বন্ধু বিয়ের ব্যাপারটি জানতেন।
অ্যানিস্টনের ‘ফ্রেন্ডস’ সিরিজের সহশিল্পী লিসা কুড্রো, কমেডিয়ান এলেন ডিজেনারেস আর চেলসি হ্যান্ডলারও ছিলেন। টিএমজেড ডটকম বিয়েবাড়ির মঞ্চ, নাচের ফ্লোর, ডাইনিং টেবিল ও বড়সড় কেকের স্থিরচিত্র প্রকাশ করেছে। এগুলো তোলা হয়েছে এক প্রতিবেশীর ছাদ থেকে।

এটি অ্যানিস্টনের দ্বিতীয় বিয়ে। এর আগে ব্র্যাড পিটকে বিয়ে করেছিলেন তিনি। পছা বছর সংসার করার পর ২০০৫ সালে বিচ্ছেদ হয় তাদের। খবর: ওয়ান ইন্ডিয়া।