‘শিশু হত্যার বৈধতা দিয়ে গেছেন জিয়াউর রহমান’

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১৮:১৮
 
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘দেশে শিশু হত্যার বৈধতা দিয়ে গেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।’
 
শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির কনফারেন্স রুমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।
 
শেখ রাসেল হত্যার উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রীবলেন, ‘জিয়া শিশু হত্যার শুধু বৈধতা দেননি, ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বিচারও বন্ধ করে দেন। কিন্তু এখন শিশু হত্যাকারীরা ধরা পড়েছে। আমরা চাই এসব অপরাধীর সর্বোচ্চ শাস্তি হোক।’
 
তারানা হালিম বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যেই দেশে নারী নির্যাতন ও শিশু হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
 
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক বলরাম পোদ্দার, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।