মালদহে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৫ জনের মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১৮:৩৭
 
রেল লাইন পেরোলেই পাশের গ্রামে আত্মীয়র বাড়ি। মেয়ে ও চার নাতিকে নিয়ে সেখানেই যাচ্ছিলেন বিহারের বাসিন্দা আলিফ নুর বিবি। কিন্তু পথেই হলো বিপত্তি। ঘুর পথে না গিয়ে চটজলদির রাস্তাই তাদের বিপদ ডেকে আনল। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো তিন শিশুসহ এই পরিবারের পাঁচ জনের। লাফিয়ে প্রাণে বেঁচেছে সাত বছরের ছেলে আস্তাক। খবর আনন্দবাজার পত্রিকার।
 
শুক্রবার সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুরে।
 
পুলিশ জানিয়েছে—দুর্ঘটনায় মারা গিয়েছেন আলিফ নুর বিবি (৫৫), তার মেয়ে মানিজা বিবি (৩০) এবং তিন নাতি ওয়াসিম (৭), নামিম (৬) ও অসিল (৪)। তারা প্রত্যেকেই বিহারের আজমনগরের গোসাইপুরের বাসিন্দা। একই পরিবারের পাঁচ জনের মৃত্যুর ঘটনায় শোকার্ত গ্রামের বাসিন্দারা।