‘শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশ এখন মডেল’

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১৯:০০
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশ্বে বাংলাদেশ এখন একটি মডেল। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট নবনির্মিত হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আলহাজ মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
 
শুক্রবার জুম্মার নামাজের পর হাসপাতালের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তবে তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই গণমানুষের উন্নয়নে কাজ করে। শেখ হাসিনা জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন করে চলেছেন।
 
মন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে সাধারণ খেটে খাওয়া মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। তা খালেদা জিয়া ক্ষমতায় এসে বন্ধ করে দেয়। অথচ বিশ্ববাসী চিকিৎসার এ যুগান্তকারী পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে শিশু মৃত্যুহার উল্লেখ্যযোগ্য হারে হ্রাস পেয়েছে। স্বাস্থ্য ও চিকিৎসার অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কৃত হয়েছেন।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ গাজী ম ম আশজাদ হোসেন মিলন, স্বাস্থ্য বিভাগের পরিচালক শামীউল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, স্বাস্থ্য বিভাগ বগুড়া জোনের প্রকৌশলী ব্রিগেডিয়ার আহাম্মাদুল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হক, তাড়াশ হাসপাতালের টিএইচএ ডা. শরিফুল ইসলাম প্রমুখ। এতে জেলা সিভিল সার্জন দেবপদ রায় সভাপতিত্ব করেন।