টাইম জোন বা স্থানীয় সময়ে পরিবর্তনের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। পরিবর্তিত সময় অনুযায়ী উত্তর কোরিয়ার স্থানীয় সময় এখনকার চেয়ে ৩০ মিনিট পিছিয়ে গ্রিনিচ মান সময়ের চেয়ে সাড়ে ৮ ঘণ্টা এগিয়ে থাকবে। এর আগে দেশটির স্থানীয় সময় জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে মিল রেখে গ্রিনিচ মান সময়ের চেয়ে ৯ ঘণ্টা সামনে ছিল।
১৯১০ সালে কোরীয় উপদ্বীপ দখলের পর নিজেদের সঙ্গে মিলিয়ে স্থানীয় সময় গ্রিনিচ মান সময় থেকে ৯ ঘণ্টা এগিয়ে নির্ধারণ করে দিয়েছিল জাপান। এবার আবার ১৯১০ সালের পূর্বের স্থানীয় সময়ে ফিরে গেল উত্তর কোরিয়া। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ১৫ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানী সাম্রাজ্যবাদ ভেঙে গেলেও উত্তর ও দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত সেই সময়ের মানদণ্ডই ব্যবহৃত হয়ে আসছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ শুক্রবার জানিয়েছে, জাপানী সাম্রাজ্যবাদী রীতি ভেঙে নিজস্ব সময়ের মানদণ্ডে ফিরে যাচ্ছে উত্তর কোরিয়া। কোরিয়ার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট থেকে এ মান সময় কার্যকর হবে বলে জানানো হয়েছে। টাইম জোন পরিবর্তন সংক্রান্ত বিলটি উত্তর কোরিয়ার সংসদে গত পাস হয়েছে।
বিশ্বে সময়ের মানদণ্ড মেনে চলার জন্য আন্তর্জাতিক কোনো সংস্থা নেই। নানা কারণে যে কোনো দেশ তা পরিবর্তন করতে পারে। এর আগে ২০০৭ সালে চলমান সময়ের মানদণ্ডের চেয়ে আধঘণ্টা পিছিয়ে দেয় ভেনিজুয়েলা। প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে যোগাযোগ সহজ করতে ২০১১ সালে নতুন সময় নির্ধারণ করে সামোয়া সরকার।
এছাড়া উত্তর কোরিয়ার প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ১৯৫৪ সালে জাপানী সময়ের মানদণ্ড ভেঙে আধঘণ্টা পিছিয়ে দেয়। পরে ১৯৬১ সালে তৎকালীন সেনা সরকার আবারও জাপানী সময়ে ফিরে যায়। বিভিন্ন কারণে সাময়িকভাবে সময়ের মানদণ্ড পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্রও।
