বিএনপির নেতা-কর্মীদের আন্দোলনের প্রস্তুতির নির্দেশ

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ২১:৫১
 
গণতন্ত্র প্রতিষ্ঠা করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
 
তিনি বলেন, ‘আমাদের বাঁচতে হবে। কথা বলার এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। এ জন্য সংগ্রামের কোনো বিকল্প নেই।’
 
শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান ও ছাত্রদল সভাপতি রাজিব আহসানসহ সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এই আহ্বান জানান।
 
ঢাকা জেলা ছাত্রদল এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
 
ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম পলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ডিএলের মহাসচিব সাইফুদ্দিন মনি প্রমুখ।