রাজধানীতে ভুয়া ডিবি-ডাকাতসহ গ্রেফতার ৯

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১১:৫০
রাজধানীর মতিঝিল ও শাহজাহানপুর থানায় পৃথক অভিযানে ভুয়া ডিবি ও ডাকাতসহ ৯ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
মতিঝিল এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়দানকারী পাঁচজনকে গ্রেফতার করা হয়। তার হলেন- হুমায়ুন কবির, মো. রাসেল, সোহেল রানা, কামাল পারভেজ ও মো. মুন্না।
 
এ সময় তাদের কাছ থেকে দুই সেট পুলিশের পোশাক, একটি ওয়াকিটকি, দুইটি রামদা, একটি ব্যাটারি চার্জার, একটি ক্রস বেল্ট, দুইটি বাঁশি, দুইটি পুলিশের বেল্ট, জুতা, একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
 
অন্যদিকে রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরা হলেন- মো. বাবু, জহিরুল ইসলাম, নান্নু মিয়া ও হাসান মোল্লা। এ সময় একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি চাঁপাতি, দুইটি ছুরি ও দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। 
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুনতাসিরুল ইসলাম নয়জনকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন।