বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, একের পর এক ব্লগার হত্যাকাণ্ডের পেছনে সরকারের ষড়যন্ত্র রয়েছে। বাংলাদেশে জঙ্গি রয়েছে বলে বহির্বিশ্বের কাছে তুলে ধরতেই আওয়ামী লীগ এসব হত্যাকাণ্ডে মদদ দিচ্ছে বলে তিনি দাবি করেন।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে আগের ঘটনার খুনিরা ধরা না পড়ার তথ্য তুলে ধরে ‘ষড়যন্ত্রের’ কথা বলেন খন্দকার মাহবুব।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সামনে যেভাবে হত্যাকাণ্ড হয়েছে, এর পেছনে একটা ষড়যন্ত্র রয়েছে। তারা (সরকার) সারা পৃথিবীতে দেখাতে চাচ্ছে- বাংলাদেশ মৌলবাদী গোষ্ঠী আছে, তাদের নির্মূল করার জন্য এই সরকারের প্রয়োজন।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, সরকারের এটাও একটা রাজনৈতিক চাল, এই যে নিলয়কে হত্যা করা হয়েছে। এ ধরনের হত্যাকাণ্ড চলছে, আজও একটি হত্যাকাণ্ডের বিচারও হল না, কারণ উদ্ঘাটনও হল না। এর অর্থ এই সরকার হত্যাকারীদের মদদ দিচ্ছে।
খন্দকার মাহবুব বলেন, বিশ্ববাসীর কাছে সরকারের মুখোশ আজ উন্মোচন হয়ে গেছে। আজ বাংলাদেশে মৌলবাদী ও জঙ্গিবাদের সমস্যা নয়, সমস্যা একটি রাজনৈতিক সমস্যা, নির্বাচনের সমস্যা।
উল্লেখ্য, শুক্রবার (৭ আগস্ট) দুপুরে জুমার নামাজের সময় পূর্ব গোড়ান টেম্পো স্ট্যান্ডের কাছে পাঁচতলা ভবনের পঞ্চম তলার ভাড়া বাসায় নিলয়কে কুপিয়ে হত্যা করা হয়।
