যুক্তরাষ্ট্রে ‘সোভিয়েত তালেবানের’ বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১৭:২৩
 
যুক্তরাষ্ট্রে এক ‘সোভিয়েত তালেবান’ যোদ্ধার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ছয় বছর আগে আফগানিস্তানে মার্কিন বাহিনীর ওপর হামলার দায়ে ওই রুশ নাগরিক ইরেক হামিদুল্লিনের বিরুদ্ধে শনিবার অভিযোগ গঠন করেছে এক মার্কিন জুরি। সন্ত্রাসীদের সমর্থন এবং গণহত্যা চালানোর উদ্দেশ্যে অস্ত্র ব্যবহার করাসহ ১৫টি অপরাধে হামিদুল্লিন অভিযুক্ত হয়েছেন। খবর বিবিসির।
 
৫৫ বছর বয়সী এই সামরিক বন্দীর বিচার হবে মার্কিন ফেডারেল আদালতে। ৬ নভেম্বর হামিদুল্লিনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ গঠন করা হয়েছে সেগুলোর কয়েকটিতে তার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হতে পারে। ২০০৯ সালে আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর ওপর হামলা চালায় তালেবান। যদিও ওই হামলায় কোনো মার্কিন বা আফগান সৈন্য নিহত হননি। সেনাবাহিনীর পাল্টা হামলায় ৩০ জিহাদি নিহত হয়েছিলেন। আহত অবস্থায় আটক হন হামিদুল্লিন।
 
হামিদুল্লিনের আইনজীবীরা বলছেন, আফগানিস্তানে যুদ্ধক্ষেত্রে আটক কোনো ব্যক্তিকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে হস্তান্তর অস্বাভাবিক একটা ঘটনা। হামিদুল্লিন ‘যুদ্ধবন্দী, বিধায় বেসামরিক আদালতে বিচারের অযোগ্য’ বলে দাবি তুললেও সফল হননি তার আইনজীবীরা।
 
তবে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিখমন্ডে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তি দেখিয়েছেন, মার্কিন সৈন্যরা যেখানেই থাকুন না কেন, তাদের নিরাপত্তা দেওয়ার যোগ্যতার রাখে মার্কিন ফেডারেল আইন।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি, ২০০৯ সালে খোস্ত প্রদেশের লিজা সেনাক্যাম্পে হামলায় হামিদুল্লিন তালেবানের তিনটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। হামিদুল্লিন ছিলেন সাবেক সোভিয়েত রাশিয়ার সেনাবাহিনীর ট্যাংক কমান্ডার। তিনি গত আশির দশকে আফগানিস্তানে ছিলেন। পরে তিনি তালেবান বাহিনীতে যোগ দেন। আটকের পর আফগানিস্তানের বাগরামে মার্কিন বিমানঘাঁটিতে বন্দি করে রাখা হয় হামিদুল্লিনকে। এর পাঁচ বছর পর তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।