সিরিয়ায় রাসায়ানিক হামলার তদন্ত করবে জাতিসংঘ

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১৭:৩৪
 
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার নেপথ্যে কারা তা অনুসন্ধানের লক্ষ্যে জাতিসংঘ একটি প্রস্তাব গ্রহণ করেছে। এই বিষয়য়ে তদন্তের জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং রাসায়ানিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) প্রধানকে একটি পরিকল্পনা প্রস্তুত করার অনুরোধ করা হবে। খবর বিবিসির।
 
প্রস্তাবের চূড়ান্ত লিখিত বিষয়বস্তুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একমত হওয়ার পর ভোটাভুটির মাধ্যমে গত শুক্রবার নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি গৃহীত হয়। এর আগে গত বুধবার দেশ দুটি একটি খসড়া প্রস্তাবে একমত হয়েছিল। এই প্রস্তাবটি কার্যকর হলে রাসায়নিক হামলার পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
 
সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অবস্থান দুই ভিন্ন মেরুতে হলেও রাসায়ানিক হামলা নিয়ে এই প্রস্তাবে তারা একমত হলো। সিরিয়ায় সংঘাত বন্ধে এর আগে বেশ কয়েকবার চেষ্টা করা হলেও দেশ দুইটি কোনো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল। বিশ্বের প্রভাবশালী দুই দেশের সমঝোতাকে তাই ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকরা।