ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খালে, আহত অর্ধশতাধিক

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১৮:০১
জেলার ডুমুরিয়া উপজেলাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপর থেকে খালে একটি যাত্রীবাহী  বাস ছিটকে পড়ে কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। শনিবার  সকাল  পৌনে  ১০টার দিকে এ ঘটনা ঘটে ।
 
বাসটির যাত্রী ও প্রতক্ষ্যদর্শীরা জানান, খুলনা থেকে শতাধিক যাত্রী নিয়ে বাসটি পাইকগাছায় যাচ্ছিল। চলন্ত অবস্থায় বাসটির চালক মোবাইল ফোনে দীর্ঘক্ষণ  কথা বলছিলেন।ওই সড়ক থেকে উপজেলা পরিষদের সামনের পানি ভর্তি খালে বাসটি ছিটকে পড়ে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে  মনিরুল ইসলাম (২৫) , মাসুম বিল্লাহ (২২) ,বাহারুল ইসলাম (২০) ,আজিজ মোল্লা (৫০) , শওকত আলী(১৯) (সেনা সদস্য) ,সাইফুল ইসলাম গাজী(২১), দেবু অধিকারী (২৪), আলতাপ হাওলাদার (২৮), রোকেয়া বেগম (৪৫) পার্থ (২২), নূর মোহাম্মাদ গাজী (৫৫), ভানুবিবি (৪০), সালেহা বেগম (৬০), সাজিদুল ইসলাম (৪০), মজ্ঞুরানী (৩৫) ডুমুরিয়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে আত্মীয় স্বজনের সহযোগিতায় বাড়ি ফিরে গেছেন।
 
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি ক্ষমতা সম্পন্ন হাইড্রোলিক ক্রেন দিয়ে খাল থেকে উঠানো হয়েছে।পানিতে ডুবুরিরা কোনো মৃত দেহ খুঁজে পায়নি।