রাজধানীর সবুজবাগে স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১৮:৪০
 
রাজধানীর সবুজবাগের উত্তর মাদারটেক ৫ নম্বর বাসা থেকে রিজভি রহমান বরশাত (১৫) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে সবুজবাগ থানা পুলিশ। শনিবার বেলা দেড়টার দিকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত রিজভির বাবার নাম রেজাউল করিম।
 
পরিবারের বরাত দিয়ে সবুজবাগ থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, নিহত রিজভি খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল। শুক্রবার রাত ১১দিকে খাওয়াদাওয়া সেরে তার রুমে ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ১১টার দিকে তার মা সুরাইয়া বেগম ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
 
রিজভির মামা রাশেদুল ইসলাম জানান, বাসার পাশে মাদকের আখড়া থাকায় রিজভি বন্ধুদের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে। তাই জীবনের প্রতি তার আগ্রহ ও দয়ামায়া কম ছিল। ছয় মাস আগে পাশের দোতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে সে আত্মহত্যা করতে চেয়েছিল।