মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১৫ আগস্ট ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব হলেও তার আদর্শকে হত্যা করা যায় নি এবং হত্যা করা যাবে না।
শনিবার শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সেমিনার কক্ষে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোটের(আসজো) উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে আজ তার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা এখনও দেশ-বিদেশে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।
সংগঠনের সভাপতি কবি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুন অর রশিদ ও সাবেক ডিআইজি কাজী জয়নুল আবেদীন।
মন্ত্রী বলেন, ১৫ আগস্ট জাতির জন্য একটি কলঙ্কময় দিন। এদিন জাতির পিতাকে সপরিবারে হত্যার পর তারা ৩ নভেম্বর জেলখানায় জাতীয় চারনেতাকে হত্যা করা হয়েছিল। সব হত্যাকান্ডেরই বিচার হচ্ছে ও হবে। বিচারহীন অবস্থায় কোন অপরাধই থাকবে না।
