চারদেশের মধ্যে যান চলাচল চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ অর্থমন্ত্রীর

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১৯:০৮
 
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে আঞ্চলিক কানেকটিভিটি হলো পূর্বশর্ত। এজন্য বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটানের মধ্যে সম্পাদিত যান চলাচল চুক্তি দ্রুত বাস্তবায়ন করতে হবে।’
 
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে তিন দিনব্যাপী ভারতীয় পণ্য মেলা ‘ইন্ডিয়া ইনভেস্ট্রেডে’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ও এফবিসিসিআইয়ের সহযোগিতায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) মেলার আয়োজন করে।
 
অর্থমন্ত্রী বলেন, দু’দেশে পারস্পারিক বাণিজ্য ও বিনিয়োগ কিভাবে বাড়ানো যায়, ভারত-বাংলাদেশ উভয় দেশের ব্যবসায়ীরা বসে সেটা ঠিক করবেন আশা করি। এক্ষেত্রে দু’দেশের সরকার প্রয়োজনীয় সংশ্লিষ্ট সুবিধাদি প্রদান করতে পারে।
 

আঞ্চলিক কানেকটিভিটির স্বার্থে ট্রানজিট প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সমর্থন আছে বলে তিনি জানান।