‘নির্বাচন নিয়ে আলোচনা আনুষ্ঠানিকতায় রূপ দিন’

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ২০:৪৭
 
বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘সামাজিক অনুষ্ঠানগুলোতে সরকারি দলের নেতাদের সঙ্গে আমাদের দেখা-সাক্ষাত্ হয়। কুশল বিনিময়ও হয়। অনেকেই পরিস্থিতি উত্তরণে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন। আমরা আহ্বান জানাব—এই অনানুষ্ঠানিক আলোচনাকে আনুষ্ঠানিকতার রূপ দিতে।’
 
শনিবার বিকালে নয়াপল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক কোনো আলোচনা চলছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিপন এ কথা বলেন।
 
রিপন বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদ সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধীদলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা করছি।’
 
সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে ব্যারিস্টার হায়দার আলী, আবদুস সালাম আজাদ, সানাউল্লাহ মিয়া, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, সেলিম রেজা হাবিব, খোরশেদ মিয়া আলম প্রমুখ উপস্থিত ছিলেন।