মালিবাগে বাসের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ১১:৩১
 
রাজধানীর মালিবাগে বাসের ধাক্কায় সাজেদা বেগম নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে  আবুল হোটেলের কাছে এই দুর্ঘটনা ঘটে। সাজেদা সবুজবাগ এলাকার ‘হায়াত গার্মেন্টেসে’ কাজ করতেন বলে জানা গেছে।
 
স্থানীয়দের বরাত দিয়ে রমনা থানার এসআই মো. মহিউদ্দিন জানান, রাস্তা পার হওয়ার সময় তুরাগ পরিবহনের একটি বাস সাজেদাকে ধাক্কা দেয়। আহতাবস্থায় উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
তিনি আরো জানান, এই ঘটনায় পথচারীরা হেলপারকে ধরে পুলিশে দিলেও চালক পালিয়ে গেছে।