মালির হোটেলে জিম্মি উদ্ধারে শুক্রবার সেনাবাহিনীর অভিযানের সময় জাতিসংঘের চার কন্ট্রাক্টরসহ কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি’কে একজন সেনা কর্মকর্তা জানান, বিবলস হোটেলে সশস্ত্র বাহিনীর অভিযানের সময় ১২ জন নিহত হয়। এদের মধ্যে পাঁচজন সন্ত্রাসী, পাঁচজন সৈন্য এবং দুইজন বেসামরিক ব্যক্তি রয়েছেন।
তবে দেশটির সেনাবাহিনীর সিনিয়র এক কর্মকর্তা বলেন, হতাহতের চূড়ান্ত সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে মালির জাতিসংঘ মিশন জানিয়েছে, ২৪ ঘণ্টার জিম্মি নাটক অবসানে চালানো অভিযানে ইউক্রেনের দুইজন, নেপালের একজন এবং দক্ষিণ আফ্রিকার একজন নিহত হয়েছে।
রাজধানী বামাকো থেকে ৬২০ কিলোমিটার উত্তর পূর্বের হোটেলটিতে শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটায় বন্দুকধারীরা হামলা চালায় এবং বেশকিছু লোককে জিম্মি হিসেবে আটক করে। সামরিক বাহিনীও হোটেলের চারপাশে অবস্থান নিয়ে তাদের অভিযান শুরু করে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ এ হামলার নিন্দা জানিয়েছে।
