খুলনায় বিএনপির ৩১ নেতাকর্মী কারাগারে

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ১৫:১৯
 
নাশকতার আট মামলায় খুলনা মহানগরসহ দৌলতপুর থানা বিএনপির ৩১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মো. সাইদুর রহমান।
 
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু জানান, দৌলতপুর থানার আটটি মামলায় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির সাধারণ-সম্পাদক সিরাজুল হক নান্নু, যুগ্ম-সম্পাদক মুর্শিদ কামাল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহসান তোতন, যুবদল-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সোহেল মোল্লাসহ ৩১ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
আদালতে বিএনপি নেতাদের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট সরদার ইউনুস, গাজী আব্দুল বারী, গোলাম মওলা ও এস.আর ফারুকসহ প্রায় অর্ধশত আইনজীবী।
 
পুলিশ জানায়, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নগরীর দৌলতপুর থানার বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে আটটি মামলা দায়ের করে।