সিলেটের বিশ্বনাথে বাস খাদে পড়ে একজন নিহত ও অনন্ত ৩৫ জন আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্বনাথ-রশিদপুর সড়কের ইলিমপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাসের সহকারী আশিক আলী (২২) বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল জমশেরপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
এলাকাবাসী জানিয়েছে, বিশ্বনাথ থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী যাত্রীবাহী বাস একটি ট্রাক ক্রসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা বের হয়ে আসেন। খবর পেয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসকর্মীরা ও এলাকাবাসী বাসটি উদ্ধার করে। এসময় বাসের ভেতর থেকে আশিকের লাশ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
