নিউইয়র্কে ফেরদৌস আরার সুরের মূর্ছনা

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ১৬:২১
নজরুল, দেশাত্মবোধক ও আধুনিক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস আরার সুরের মূর্ছনায় মুগ্ধ হলেন নিউইয়র্কের বাংলাদেশিরা। তার সুরেলা কণ্ঠের প্রায় দেড় ডজন গানে নিমগ্ন হয়ে পড়েন তারা।
 
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকার হাইল্যান্ড অ্যাভিনিউতে ফেরদৌস আরার একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সঙ্গীত সন্ধ্যার আয়োজক নিউইয়র্কের রিয়েল এস্টেট ইনভেস্টর মো. আনোয়ার হোসেন। ফেরদৌস আরা একে একে গেয়ে শোনান নজরুলের চিরচেনা ডজনখানেক গান। এছাড়া বেশকয়েকটি আধুনিক সঙ্গীতও পরিবেশন করেন তিনি। শিল্পীর সঙ্গে বাদ্যযন্ত্রে ছিলেন তপন মোদক, শহীদ উদ্দিন ও তাজুল ইমাম।
 
শুধু গান নয়, গভীর রাত পর্যন্ত গুণী এই শিল্পীর সঙ্গে আড্ডায় মেতে ওঠেন সঙ্গীতপ্রেমীরা। ফেরদৌস আরার গানের দর্শক শুধু সাধারণ সঙ্গীতপ্রেমীরাই নন, উপস্থিত ছিলেন নিউইয়র্কের উল্লেখযোগ্য সংখ্যক গুণীজনও।
 
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন ও তার সহধর্মিনী নাট্যাভিনেত্রী রওশন আরা হোসেন, সঙ্গীতঙ্গ মুত্তালিব বিশ্বাস, শিল্পী তাজুল ইমাম, আবৃত্তিকার জিএইচ আরজু, বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, বিশিষ্ট রাজনীতিক জিল্লুর রহমান জিল্লু, নারী নেত্রী ও সাংবাদিক নিনি ওয়াহেদ, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসান ও সাধারণ সম্পাদক দর্পণ কবীর, সাংস্কৃতিক কর্মী সেমন্তী ওয়াহেদ, বাংলাদেশ সোসাইটির সাহিত্য সম্পাদক মনিকা রায় প্রমুখ সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন।