ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা ভালো হলো না চেলসির। লিগের প্রথম ম্যাচে ঘরে মাঠে সোয়ানসি সিটির বিপক্ষে পয়েন্ট হারিয়েছে মরিনহোর দল।
আসরের উদ্বোধনী দিনে শনিবার স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় একজন কম নিয়ে খেলেও বড় কোনো অঘটনের শিকার না হওয়াটা চেলসির জন্যে কিছুটা স্বস্তিদায়কও বটে।
ম্যাচের ২৩তম মিনিটে কোনাকুনি এক ফ্রি-কিকে চেলসিকে এগিয়ে দেন অস্কার। বাঁ দিক থেকে ব্রাজিলের এই মিডফিল্ডারের নেয়া বাঁকানো শটের দিক বুঝতে পারেননি গোলরক্ষক। ছয় মিনিট পরই গোল শোধ করে লড়াইয়ে ফেরে সোয়ানসি। ছোট ডি বক্সের ঠিক বাইরে থেকে দ্বিতীয় প্রচেষ্টায় বল জালে জড়ান এই মৌসুমেই সোয়ানসিতে যোগ দেয়া ঘানার ফরোয়ার্ড আন্দ্রে আইয়ু। ৯০ সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় চেলসি। বাঁদিক থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের শট সোয়ানসির আর্জেন্টাইন ডিফেন্ডার ফেদেরিকো ফের্নান্দেসের পায়ে লেগে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে ঢোকে।
৫২তম মিনিটে বড় ধাক্কা খায় চেলসি। ডি বক্সের মধ্যে বাফেতিম্বি গোমিসকে ফাউল করায় লাল কার্ড দেখেন চেলসি গোলরক্ষক থিবো কর্তোয়া। অস্কারকে মাঠ থেকে তুলে তার জায়গায় আরেক গোলরক্ষক আসমির বেগোভিচকে নামান কোচ জোসে মরিনহো। তবে ফরাসি ফরোয়ার্ড গোমিসের পেনাল্টি শট ফেরাতে পারেননি চেলসির হয়ে প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো খেলতে নামা বসনিয়ার এই গোলরক্ষক। বাকি সময় এক জন কম নিয়ে খেললেও শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণে বেশ ভালোই চাপ সৃষ্টি করেছিল চেলসি। তবে আর কোনো গোল করতে পারেনি তারা। ফলে লিগে নিজেদের প্রথম ম্যাচেই পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়ে দিয়েগো কস্তা-জন টেরিরা।
