ফার্গুসনে ব্রাউনের মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে বিক্ষোভ মিছিল

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ১৮:৩১
 
যুক্তরাষ্ট্রের ফার্গুসনে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে পুলিশ গুলি করে হত্যার এক বছর পূর্তির প্রাক্কালে সেখানে কয়েকশ লোক বিক্ষোভ মিছিল করেছে।
 
গত বছর ব্রাউনকে হত্যার সঙ্গে জড়িত শ্বেতাঙ্গ পুলিশকে আদালত অভিযুক্ত না করার সিদ্ধান্ত নিলে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রে। ব্রাউনের মৃত্যুর প্রাক্কালে শনিবার তার পিতা ও পরিবারের অন্যান্য সদস্যরা এই বিক্ষোভের নেতৃত্ব দেন।
 
বিক্ষোভ প্রথম দিকে শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যার পর তা সহিংস রূপ নেয়। অনেকে ব্যারিকেড ডিঙিয়ে পুলিশের মুখোমুখি দাঁড়ায়। সেখানে তারা উত্তপ্ত শ্লোগান দিতে থাকে। তবে শেষ পর্যন্ত মিছিলটি নরম্যান্ডি হাই স্কুলে গিয়ে শেষ হয় যেখানে ব্রাউন পড়াশুনা করতো।
 
এদিকে রোববার মিছিলকারীরা ব্রাউনের সম্মানে সাড়ে চার মিনিট নীরবতা পালন করেছেন। ব্রাউনের লাশ সাড়ে চার ঘণ্টা রাস্তায় পড়ে ছিল। এ কারণেই সাড়ে চার মিনিটের নীরবতা পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।
 
উল্লেখ্য গত বছর ৯ আগস্ট শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের গুলিতে মাইকেল ব্রাউন নিহত হওয়ার পর ফার্গুসনসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। সেইসাথে দেশটিতে বর্ণবাদ সংক্রান্ত সমস্যাও দৃশ্যমান হয়ে ওঠে। বর্ণবাদ বিরোধী আন্দোলনকর্মীদের অভিযোগ পুলিশ কৃষ্ণাঙ্গদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ ও নিষ্ঠুর আচরণ করে। সূত্র: এএফপি