সংসদীয় স্থায়ী কমিটিও ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছে: টিআইবি

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ১৮:৪৮
 
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, ‘সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রমও রাষ্ট্র-সংসদের সব কার্যক্রমের মতো ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ছে।’
 
বাংলাদেশ জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলোর সমস্যা ও সমাধানের উপায় নিয়ে রবিবার ধানমন্ডির নিজস্ব কার্যালয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদন প্রকাশের পর ইফতেখারুজ্জামান এ কথা বলেন। প্রতিবেদনে সংসদীয় কমিটিগুলোকে অকার্যকর বলেও দাবি করা হয়েছে।
 
ইফতেখারুজ্জামান বলেন, ‘সর্বময় ক্ষমতা সংসদ নেতার হাতে। ক্ষমতার এ আধিপত্যে কমিটিগুলো সঠিকভাবে কার্যকর হয় না।’
 
তিনি বলেন, ‘অনেকে বলেছে, সংসদ নেতার মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কমিটি (সংসদীয় কমিটি)। তার ইচ্ছা ও নির্দেশে সব সিদ্ধান্ত হয়। কমিটির নিজস্ব মতামত প্রতিফলিত হয় না।’
 
সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে প্রত্যাশিত পর্যায়ে কার্যকর করতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পক্ষ থেকে ১১ দফা সুপারিশ দেয়া হয়েছে।
 
টিআইবির গবেষণায় সংসদীয় কমিটিগুলোকে আরো কার্যকর করতে সংবিধানের ৭৬ (৩) অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়ন করে সাক্ষী হাজিরা, সাক্ষ্য প্রদান এবং দলিলপত্র দেয়ায় বাধ্য করার ক্ষমতা কমিটিকে দেয়া, সংসদের কার্যপ্রণালী বিধি সংশোধন করে সভাপতি ও সদস্যদের বাণিজ্যিক, আর্থিক সম্পৃক্ততার তথ্য প্রতিবছর হালনাগাদ করে তা জনসম্মুখে প্রকাশ বাধ্যতামূলক করতে বিধান করার সুপারিশ করা হয়।
 
এছাড়াও গবেষণায় আর্থিক কমিটিগুলোতে বিরোধী দলের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা, প্রাক-বাজেট আলোচনার জন্য অর্থবিল অনুমিত হিসাব সম্পর্কিত তথ্য কমিটিতে প্রেরণ করা, কমিটির সুপারিশের আলোকে মন্ত্রণালয়ের গৃহীত ব্যবস্থা সভা অনুষ্ঠিত হওয়ার তিন মাসের মধ্যে লিখিতভাবে কমিটিকে জানানো বাধ্যতামূলক করা এবং কমিটির প্রতিটি সভার কার্যবিবরণী সভা-পরবর্তী দুই সপ্তাহের মধ্যে এবং পূর্ণাঙ্গ বার্ষিক প্রতিবেদন প্রতিবছর সংসদের ওয়েবসাইটে প্রকাশ করার সুপারিশ করা হয়।
 

নবম ও দশম জাতীয় সংসদে প্রথম অধিবেশনে সব কমিটি গঠন ও দশম সংসদে দলীয় প্রতিনিধিত্বের অনুপাতে সদস্য নিযুক্তির ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ গৃহীত হলেও আইনগত, প্রাতিষ্ঠানিক, রাজনৈতিকসহ বিবিধ চ্যালেঞ্জের কারণে কমিটির ওপর সার্বিকভাবে নেতিবাচক প্রভাব পড়ায় কমিটিগুলো প্রত্যাশিত পর্যায়ে কার্যকর হচ্ছে না বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়।