পশ্চিম তীরে শিশু হত্যার ঘটনায় ৯ ইসরাইলি আটক

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ১৯:১৪
 
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতিতে অভিযান চালিয়ে নয় জনকে আটক করেছে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। তাদের বিরুদ্ধে বাড়িতে আগুন দিয়ে এক ফিলিস্তিনি শিশুকে হত্যার অভিযোগ রয়েছে। গত সপ্তাহের সেই আগুনের ঘটনায় নিহত শিশুর পিতাও রবিবার মারা যান।
 
আটকৃতদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর হামলার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রবিবার সকালে সিন বেট সিকিউরিটি সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে পশ্চিম তীরের উত্তরাঞ্চল থেকে এদের আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, 'গত কিছু দিনের ঘটনার প্রেক্ষিতে এই আটক অভিযান পরিচালনা করা হয়।'
 
গত মাসের ৩১ তারিখ ইসরাইলি বসতি স্থাপনকারীরা একটি ফিলিস্তিনি বাড়িতে আগুন দিয়ে আলি নামের দেড় বছর বয়সী এক শিশুকে হত্যা করে। সেই ঘটনায় গুরুতর আহত আরো তিন জনের মধ্যে শিশুটির বাবা সাদ দাওয়াবশেহ রবিবার মারা যান। সূত্র: আল জাজিরা।